বিশ্বের সঙ্গে বাংলাদেশেও আজ (২৭ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের অধীনস্থ বিশ্ব পর্যটন সংস্থার তত্ত্বাবধানে ১৯৮০ সাল থেকে এটি পালিত হচ্ছে। এতে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বাণী দেয়া হয়।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, পরিবেশের ভারসাম্য ও দেশের সাংস্কৃতিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে পর্যটনশিল্পে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ (২৭ সেপ্টেম্বর) মঙ্গলবার ‘বিশ্ব পর্যটন দিবস ২০২২’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন ‘এ উদ্যোগকে আমি স্বাগত জানাই’।
এবছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য ‘পর্যটনে নতুন ভাবনা’ বর্তমান প্রেক্ষাপটে যথার্থ হয়েছে বলেও মনে করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, পর্যটন মানুষের একটা সহজাত প্রবৃত্তি। ভ্রমণের মাধ্যমে মানুষ একে অপরের সান্নিধ্যে আসে। ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কে জানতে পারে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেছেন, বাংলাদেশ বিপুল পর্যটন সম্ভাবনাময় একটি দেশ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আমাদের দেশকে পরিণত করেছে একটি বহুমাত্রিক আকর্ষণসমৃদ্ধ অনন্য পর্যটন গন্তব্যে।
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, পার্বত্য চট্টগ্রামের অকৃত্রিম সৌন্দর্য, সিলেটের সবুজ অরণ্যসহ আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ এবং অতিথি পরায়ণ মানুষ শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের কাছেও সমান জনপ্রিয় এবং সমাদৃত।
তিনি বলেন, পর্যটনশিল্প বিশ্বে একটি অন্যতম প্রধান অর্থনৈতিক ও শ্রমঘন খাত। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যটন একটি কার্যকর উন্নয়ন কৌশল হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশ্বব্যাপী করোনা অতিমারির কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে পর্যটনশিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে করোনা অতিমারির সংকট কাটিয়ে পর্যটন শিল্পে নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, এবারে বিশ্ব পর্যটন দিবসের স্লোগান হচ্ছে ‘পর্যটনের নতুন ভাবনা’। দেশে দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে। গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। তা ছাড়া আজ দিনব্যাপী স্বল্পমূল্যে সিটি প্যাকেজ ট্যুারের আয়োজন করা হয়েছে।









