- ইউএনওর গাড়ি ভাঙচুর
- হামলায় আহত এসিল্যান্ড
সিরাজগঞ্জ শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘরে আশ্রয় প্রকল্পের ঘর নির্মাণের স্থান নির্ধারণকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়িতে ভাংচুর চালানো হয়। এ ঘটনায় সহকারী কমিশনারের (ভূমি) আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গতকাল রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে বিরাজ করলেও বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে স্বাভাবিক রয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণের জন্য মাটি ভরাট করার লক্ষ্যে কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া হলদিঘর মৌজার এসএ ১নং খতিয়ানের ৩৯৪নং দাগের ১.২২ একর ফসলি শ্রেণির জমি এবং আরএস ১নং খতিয়ানের ৪৮৮নং দাগের ১.২২ একর লায়েক পতিত শ্রেণির জমি পরিদর্শনে ইউএনও এবং এসিল্যান্ড যাওয়ার সময় পথিমধ্যে এলাকার একদল উশৃঙ্খল জনতা ওই স্থানে আশ্রয় প্রকল্পের ঘর তৈরি করা যাবে না এ মর্মে রাস্তার মাঝে বেরিকেট দিয়ে তাদের গতিরোধ করে। তখন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলতে চাইলে সংঘবদ্ধ জনতা কথা না বলে ইট-পাটকেল ছুড়তে থাকে তখন ইউএনও সরকারি গাড়ির গ্লাস ভেঙে যায় এবং সহকারী কমিশনারের (ভূমি) মো. লিয়াকত সালমানের মাথায় ইটের আঘাতে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদ রানা জানান, রক্তাক্ত অবস্থায় এসিল্যান্ড মহোদয়কে হাসপাতালে আনা হয়েছিল। তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, আশ্রন প্রকল্পের জায়গা পরিদর্শনে যাওয়ার সময় অত্র এলাকার একদল উশৃংখল জনতা আশ্রয় প্রকল্পের ঘর নির্মাণ করা যাবে না এ লক্ষ্যে রাস্তায় বেরিকেট দেয় এবং অতর্কিতভাবে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে আমার গাড়ির গ্লাস ভেঙ্গে যায় এবং এসিল্যান্ড মহোদয়ের মাথায় আঘাত লাগে। এবিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি দৈনিক আনন্দ বাজারকে বলেন, উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম আনন্দবাজারকে বলেন, থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিনি আরও জানান, এবিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৪ জুলাই আশ্রয়ন প্রকল্পের বরাদ্দকৃত স্থান বলদীপাড়া হলদিঘর গ্রামের শিশু কিশোরদের শতবর্ষীয় ঐতিহ্যবাহী একমাত্র পুরাতন খেলার মাঠ দাবি করে তা রক্ষার দাবিতে উক্ত মাঠে মানববন্ধন করে এলাকাবাসী।









