দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি না করার ঘোষণা দিয়েছেন এক ইউনিয়ন যুবলীগ নেতা। তিনি নিজেই শুধু দুধ দিয়ে গোসল করেননি বরং যে মোটরসাইকেল নিয়ে তিনি রাজনৈতিক কর্মকান্ডে যোগ দিতেন সেই মোটরসাইকেলও দুধ দিয়ে ধৌত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে তিনি আওয়ামী লীগকে পাপিষ্ঠ উল্লেখ করে মরার আগে আওয়ামী লীগ হয়ে মরতে চান না বলেও ঘোষণা দেন।
গতকাল রবিবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নে খাটিয়ার হাট বাজারে এই ঘটনা ঘটে। এমন কাণ্ড ঘটনো ওই যুবলীগ কর্মীর নাম সানোয়ার হোসেন। ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ড সভাপতির পদ না পেয়ে এই কাণ্ড ঘটান বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. লতিফ সিকদার বলেন, গত শনিবার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সানোয়ার হোসেন সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তিনি রাজনীতিতে অতটা সক্রিয় না হলেও আওয়ামী লীগে তাদের পরিবারের অবদান রয়েছে। বিধায় তাকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়। নিজেকে ভাইরাল করতেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।
দুধ দিয়ে গোসল করা যুবলীগ নেতা সানোয়ার হোসেন বলেন, আমাকে সভাপতির পদ দেয়ার কথা বলে ডেকে নিয়ে পদ না দিয়ে অপমান করেছে। আমাদের পরিবার দীর্ঘদিন যাবতই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। কিন্তু আমার মন ভেঙে গেছে আমি আর আওয়ামী রাজনীতি করবো না।
আনন্দবাজার/শহক









