করোনা রোগীদের জন্য বরাদ্দকৃত চট্টগ্রামের নতুন তিনটি হাসপাতালেই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলি ক্রিসেন্ট হাসপাতালটি চালু হলেও সুবিধা পাচ্ছেনা রোগীরা। বাকি দুটি এখনো চালু হয়নি। এদিকে চিকিৎসা না পেয়ে বিপর্যয়ে পড়েছে করোনা রোগীরা।
জানা যায়, করোনা রোগীদের চিকিৎসায় পহেলা জুন থেকে কার্যক্রম শুরু করে হলি ক্রিসেন্ট। তবে এই হাসপাতালে একদিকে যেমন ডাক্তার স্বল্পতা তেমনি চতুর্থ শ্রেণির কর্মচারীদের সংকটও প্রকট। এছাড়া দশটি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সঙ্কটাপন্ন রোগীদের সেবা।
এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দু'টি।
হলি ক্রিসেন্ট ইউনিট সহকারী পরিচালক মনোয়ার হোসেন চৌধুরী জানান, আমাদের বিভিন্ন উপজেলা থেকে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আমরা সিট বাড়াচ্ছি। নতুনদের সেট করার জন্য কিছুটা সময় লাগছে।
হলি ক্রিসেন্ট হাসপাতাল মেডিক্যাল অফিসার ডা. নিশাত চৌধুরী জানান, আমাদের রোগীদের নিরাশ করে ফিরিয়ে দিতে হচ্ছে। কারণ আমাদের এখানে আইসিইউ আছে কিন্তু এটা ফুল সেট আপ নিয়ে শুরু করার মত জনবল, অর্থবল এখানে নেই।
আনন্দবাজার/টি এস পি









