জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে মির্জা ফখরুলসহ বিএনপির নেতা কর্মীরা নানা ধরনের গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। পর্যাপ্ত সার মজুত রয়েছে, সংকট হওয়ার সুযোগ নেই। আপনারা গুজবে কান দিবেন না। জামালপুরের সার সংকট নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে এসব বিষয়ে জানতে চাইলে শনিবার সকালে সাংবাদিকদের মুঠোফোনে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা এমপি আরও বলেন, কিছু কিছু জায়গায় বিএনপি-জামায়াতের লোকজনরা সারের ডিলার নিয়ে সার কৃত্রিম সংকট করার চেষ্টা করছে। আর তাদেরই (বিএনপির) লোকজন দিয়েই বিশৃংখলা তৈরি করে গুজব ছড়ানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীদের কাজই তাই গুজব ছড়ানো। দেশে কোনো সারের সংকট নেই পর্যাপ্ত সার মজুত রয়েছে।
সংসদ সদস্য হোসনে আরা আরও বলেন, বিএনপির শাসন আমলে সারসহ কৃষি উপকরণের চরম সংকট ছিল। বিএনপি তাদের সময়ে কৃষককে সার দিতে না পেরে পালিয়ে পালিয়ে বেড়িয়েছে। সারের জন্য বিএনপি সরকার ১৯৯৫ সালে নির্মমভাবে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। এমপি হোসনে আরা বলেন, প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়ায় খালেদা জিয়া জেলের বাইরে আছে। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।









