করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরীন। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। ওয়াসফিয়া বলেন, ২৬ হাজার ফুট ওপরে উঠে এভারেস্ট জয় করা যদিও অনেক চ্যালেঞ্জের, তারপরও করোনার কাছে এই লড়াই কিছুই না। তুলনাই চলে না। আমি কখনো ঘুমাতে পারি না। ঘুমালেই মরে যাই। আমিতো অনেকবারই মরেছি।
সোমবার রাত ১০টায় ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।
ওয়াসফিয়া বলেন, তিন সপ্তাহ ধরে আমি কোয়ারেন্টাইনে আছি। ফরেন কান্ট্রিতে আমি সম্পূর্ণ একা। তখন আমার ভাই জানে না, বোন জানে না। আমার একটাই চিন্তা, আমি মরে গেলে আমার বডিটা কে নিতে আসবে, আমার ঘরের চাবিটা নাই, কেউ দেনা পাবে কি-না। একটা লকড রুমে আমি সম্পূর্ণ একা।
তিনি আরও বলেন, ঢাকা থেকে জিজ্ঞেস করে তোমার সাথে কে আছে। আসলে আমার কাছে কেউ নাই। কেউ যদি আমার কাছে তাহলে সে আমার দ্বারা সংক্রমিত হবে (আই উইল লিটারেলি টু কিল হিম)। আমার এখানে আসলে কেউ আসবে না। আমার এই রুমটা সম্পূর্ণ ভাইরাস। যতক্ষণ পর্যন্ত অথরিটি ক্লিয়ার করবে না ততক্ষণ পর্যন্ত আমিও বাইরে যেতে পারব না তারাও আসতে পারবে না। তাই ডাক্তররা যখন আসে, তখন সেভাবে প্রটেকশন নিয়ে আসে।
ওয়াসফিয়া বলেন, করোনাভাইরাসের সঙ্গে লড়াই করার সঙ্গে হিমালয় জয় করার লড়াই আসলে কিছুই নয়। তিনি বলেন, হিমালয়ে ২৬ হাজার ফুট উঠে সেখান নিঃশ্বাস নেয়াসহ বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়। তবে আমি এই কয়েকদিন ভুগে যেটা বুঝেছি তা হলো, হিমালয় লড়াই করার সঙ্গে এর (করোনা) তুলনাই চলে না।
১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানের মাধ্যমে করোনায় সংক্রমিত হন ওয়াসফিয়া। ১৩ মার্চ থেকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। ১৭ মার্চ থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
আনন্দবাজার/ টি এস পি









