সন্দেহভাজন কোভিড-১৯ এ আক্রন্ত রোগীদের পরীক্ষার নমুনা সংগ্রহের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের তৈরি অভিন্ন ফরম ব্যবহার করার নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল (৬ জুলাই) অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এখন থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে স্বাস্থ্য অধিদফতরের তথ্যব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মোবিলাইজেশন কমিটির পরামর্শে তৈরিকৃত নমুনা ফরম ব্যবহার করতে বলা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, কোভিড-১৯ এর নমুনা সংগ্রহের পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ফরম ব্যবহার করার কারণে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। কোথাও কোথাও সরকারি আরটি ও পিসিআর ল্যাবরেটরির নামে ফরম ছাপিয়েছে। এরপর ওই ল্যাবরেটরিতে পরীক্ষা না করিয়ে ভুয়া রিপোর্টও প্রদান করার অভিযোগ পাওয়া যাচ্ছে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। রিজেন্ট হাসপাতাল অভিযান করে রোগীদের কাছ থেকে করোনাভাইরাসের নমুনা নিয়ে সেগুলো টেস্ট না করেই মনগড়া রিপোর্ট দেওয়ার এমন প্রমাণ পায় র্যাব।
আনন্দবাজার/এম.কে









