পরিবর্তন আনা হলো নয়টি জেলার ডেপুটি কমিশনার (ডিসি) পদে। বৃহস্পতিবার ঢাকাসহ নয়টি জেলার ডিসি পদের জন্য নতুন করে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলাগুলো হলো ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুর। এর মধ্যে ছয় জেলার ডিসি সম্প্রতি যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় পদায়ন করা হয়েছে। একজন ডিসিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে। আর দুইজনকে অন্য জেলায় বদলি করা হয়েছে।
টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলামকে দেয়া হয়েছে ঢাকার ডিসির দায়িত্ব। আর মেহেরপুরের ডিসি মো. আতাউল গণিকে দেওয়া হয়েছে টাঙ্গাইলের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজারের ডিসি নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত উপসচিব মো. তমিজুল ইসলাম খানকে যশোর এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে দেয়া হয়েছে নোয়াখালীর ডিসির দায়িত্ব। এছাড়া জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খানুতকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এদিকে ঢাকার ডিসি আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব এবং নোয়াখালীর ডিসি তন্ময় দাসকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে। মাদারীপুরের ডিসি মো. ওয়াহিদুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক এবং রাজশাহীর ডিসি মো. হামিদুল হককে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক করা হয়েছে।
যশোরের ডিসি মোহাম্মদ শফিউল আরিফকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এবং বগুড়ার ডিসি ফয়েজ আহমেদকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের ডিসি নাজিয়া শিরিনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক পদে বদলি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আনন্দবাজার/ডব্লিউ এস









