বগুড়ার আদমদীঘিতে প্লাস্টিকের বস্তা ব্যবহার ও অতিরিক্ত চাল মজুদ করার দায়ে দুই চাল কল মালিকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাহি ম্যজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক উপজেলার সান্তাহারে বিভিন্ন অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কেএম গোলাম রাব্বানী ও থানার এসআই আবু হাসান প্রমুখ।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক বলেন, ধান-চাল প্যাকেট করতে পাটের বস্তা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আইন অমান্য করছেন। সেই সাথে নিয়ম বহির্ভূতভাবে গুদামে অতিরিক্ত চাল মজুদ করে রাখছেন। থানা পুলিশের সহায়তায় উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় বিভিন্ন অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এসময় গুদামে অতিরিক্ত চাল মজুদের দায়ে কলা বাগান এলাকার শান্ত ও মোবারক চালকল মালিক জবাদুলের ১ লক্ষ টাকা ও প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে পঞ্চভাই চাল কলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









