অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার নেয়ামতপুরে ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার বিকেলে কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ড্রেজারমেশিনের বিরুদ্ধে অভিযান কালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে একটি মেশিন জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল। এসময় তিনি ড্রেজার মেশিনের মালিক উপজেলার কামাল্লা ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান চয়নের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেন।
জানা যায়, উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে ইউপি সদস্য আতিকুর রহমান চয়ন নেয়ামতপুর-মোচাগড়া বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় প্রায় দুই একর জমি। কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি উপজেলা ভূমি অফিসেকে অবহিত করলে, বুধবার বিকেলে প্রায় ২ কিলোমিটার হাটু সমান পানির উপর দিয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকরী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
এসময় কৃষি জমি থেকে মাটি উত্তোলন অবস্থায় একটি ড্রেজার মেশিন জব্দ করেন। ড্রেজার মেশিন মালিক ইউপি সদস্য আতিকুর রহমান চয়নকে ঘটনাস্থল না পেয়ে তার বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
আনন্দবাজার/এফআইবি









