আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে পশু কেনা, পশু পছন্দ করতে হাটে যাওয়াসহ নানা কারণেই প্রচণ্ড ভিড় ও ব্যাপক মানুষের সমাগম ঘটবে হাটগুলোতে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এছাড়া করোনা রোধে সিটি কর্পোরেশনগুলো পশুর হাটের সংখ্যা কমিয়ে দেয়ায় বিপাকে পড়েছে অসংখ্য চাষি ও ছোট বড় খামারিরা। এসব কথা মাথায় রেখে খামারি ও ক্রেতাদের স্বাস্থ্য নিরাপত্তায় ‘কুরবানির পশুর ডিজিটাল হাট’ চালু করলো সরকার।
জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য এই ডিজিটাল হাটের ব্যবস্থা করেছে। এতে ক্রেতারা ঘরে বসেই গরুর ছবি ও ভিডিও দেখার ও লাইভ ওজন জানার সুযোগ পাবেন। একইসঙ্গে গরু চাষি, খামারি বা ব্যাপারীদের সাথে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন। তারপর নির্দিষ্ট স্থান থেকে অথবা হোম ডেলিভারির ভিত্তিতে অর্থের বিনিময়ে গরু সংগ্রহ করতে পারবেন।
জানা যায়, ইতোমধ্যেই ডিজিটাল হাটের জন্য সারাদেশ থেকে গরু- ছাগলের চাষি, খামারের মালিক ও সাধারণ পশু ব্যবসায়ীদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। চাষি-খামারিদের সবাই https://foodfornation.gov.bd/qurbani2020/ এই ওয়েব সাইটে প্রবেশ করে বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর নিজস্ব প্যানেল থেকে পশুর ছবি, ভিডিও ও অন্যান্য তথ্য আপলোড করতে হবে। এই সকল ছবি ও তথ্য ওয়েবসাইটের মাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার তার নিজ খরচে প্রচার করবে। ফলে ক্রেতারা সহজেই তাদের কোরবানির জন্য প্রয়োজনীয় পশু পছন্দের সুযোগ পাবেন এবং বিক্রেতার সাথে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারবেন।
এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক জানান, 'ফুড ফর ন্যাশন' প্লাটফর্মটি কোরবানির পশুর জন্য দেশের সবচেয়ে বড় ম্যাচ মেকিং ডিজিটাল হাট হতে যাচ্ছে। খামারি ও চাষিদের অর্থনৈতিক ক্ষতি ও ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমি সারাদেশের খামারি ও চাষিদের অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের পশুর তথ্য নিয়ে এই প্লাটফর্মে আসুন। আমরা দেশের সকলের স্বাস্থ্য সুরক্ষা অটুট রেখেই আমাদের অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডগুলো চালু রাখতে চাই।
আনন্দবাজার/টি এস পি









