- চালু হল শাহ্ আলী পরিবহনের স্লিপার বাস
- উত্তরের পরিবহন সেক্টরে প্রথম
- টিভি, ওয়াইফাই, মোবাইল চার্জের সুবিধাসহ গাড়িতে আপ্যায়নের ব্যবস্থা
- ৩০ ভাগ কমিশনে যাত্রীদের থাকা-খাওয়া ও চিকিৎসা সেবার সুযোগ
এগিয়ে যাচ্ছে দেশ, বদলে যাচ্ছে চিরচেনা অনেক কিছুই। একসময় বাংলাদেশ রেলওয়ের লোকাল ট্রেন, মেইল ট্রেনে গাদাগাদি করে কিংবা দাঁড়িয়ে থেকে যাত্রী সাধারণকে যেতে হয়েছে রাজধানী ঢাকায়। আর এখন এসি-বাসসহ নির্দিষ্ট আসনে যাত্রী নিয়ে চলছে আন্ত:নগর ট্রেন। সড়কপথে তেমনি চলছিল ঝক্কর-লক্কর সাধারণ বাস। আরামদায়ক ভ্রমণে সময়ের ব্যবধানে বিশেষ করে ঢাকাগামী বাসগুলো খোলস পাল্টে পর্যায়ক্রমে রুপ ধারণ করে সেমি চেয়ার কোচ, চেয়ার কোচ, এসি-স্ক্যানিয়া নামে। তেমনি এবারে উত্তরের পরিবহণ সেক্টরে এ প্রথম যুক্ত হয়েছে স্লিপার বাস। যাত্রী সাধারণের সেবার মান বাড়ানোর অঙ্গীকার নিয়ে রংপুর-ঢাকা রুটে অত্যাধুনিক এ বাস চলাচল করছে। শাহ্ আলী পরিবহনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় রংপুরের কামারপাড়াস্থ ঢাকা বাসষ্ট্যান্ডে এ স্লিপার বাস চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘চাচা ঢাকা কতদূর...! -ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর।’ আগেকার দিনে বিভিন্ন প্রয়োজনে নদীপথে রাজধানী ঢাকায় যেতে কতইনা বিড়ম্বনায় পড়তে হয়েছে যাত্রীদের। সেই প্রেক্ষাপট নিয়ে রচিত হয়েছে অনেক গান-গল্প। উত্তরের মানুষদের বাসে সড়কপথে ঢাকায় যেতে পারাপার হতে হয়েছে নগরবাড়ি-আরিচা ঘাট। আর রেলপথে যেতে পারাপার হতে হয়েছে তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাট। তবে যমুনা সেতু হওয়ার পর সেই দুর্ভোগ লাঘব হয়েছে উত্তরাঞ্চলের মানুষের। এখন সড়ক কিংবা রেলপথে সরাসরি ঢাকায় যেতে পারেন তারা। নদীর কোনো ঘাট পারাপার হতে হয়না।
শাহ্ আলী পরিবহন সূত্রে জানা যায়, সেবার মান বাড়ানোসহ যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা চিন্তা করেই স্লিপার বাস চালু করা হয়েছে। এতে সিটে বসে কষ্ট করে রাতভর ঘুম ঘুম চোখে ঢাকায় যেতে হবেনা। রীতিমত খাটে শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন যাত্রীরা। এছাড়া প্রত্যেক আসনের সামনে টিভিসহ ওয়াইফাই ও মোবাইল চার্জের সুবিধা, ইউটিউবে গান শোনার সুবিধা ও গাড়িতে আপ্যায়নেরও ব্যবস্থা রয়েছে। আছে কোর্ট কিংবা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার। প্রয়োজনে কলিংবেল টিপলেই সুপারভাইজার হাজির হবেন সংশ্লিষ্ট সিটে। দ্বিতল বাসের মত উপর-নিচে মোট ৩০টি আসন রয়েছে বাসে। রংপুর-ঢাকা রুটে আরামদায়ক এ স্লিপার বাস উত্তরবঙ্গে এটাই প্রথম বলে দাবি তাদের। বর্তমানে রংপুর থেকে ঢাকা এসি-স্ক্যানিয়া বাসের ভাড়া এক হাজার ৩০০ টাকা। সেক্ষেত্রে স্লিপার বাসের ভাড়া এক হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হলেও উদ্বোধন উপলক্ষে আপাতত এক হাজার ৬০০ টাকা নেওয়া হচ্ছে। শাহ্ আলী পরিবহনের সিইও (ব্র্যান্ডিং) জনপ্রিয় কষ্ঠশিল্পী অন্তর রহমান বলেন, খরচ একটু বেশি পড়লেও মানুষ ভালো সেবা চান। সেই বিষয়টি মাথায় রেখেই স্লিপার বাস চালু করা হয়েছে। স্লিপার বাসের যাত্রীদের হাতে একটি কার্ড দেওয়া হয়। যা দিয়ে রংপুর ও ঢাকায় তারা অন্তত ৩০ ভাগ কমিশনে থাকা-খাওয়া ও চিকিৎসা সেবা নিতে পারবেন বলেও জানান তিনি।
রংপুর নগরীর কামারপাড়াস্থ ঢাকা বাসষ্ট্যান্ডে স্লিপার বাসের উদ্বোধনকালে প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ঢাকার তুলনায় রংপুরের গাড়িগুলো অনেক ভালো। বিশেষ করে উত্তরের পরিবহন সেক্টরে প্রথম স্লিপার বাস যুক্ত করায় শাহ্ আলী পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
শাহ্ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হক, জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মজিদ প্রমুখ









