মাদারীপুরের এক সার ও বীজ ব্যবসায়ীকে অবৈধভাবে সার মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার মস্তফাপুর বাজারের সার ও বীজের পরিবেশক জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডুকে এ দণ্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন জানিয়েছেন, মস্তফাপুর বাজারের ব্যবসায়ী ও সরকারি সার ডিলার জগদীশ কুন্ডু ট্রেডার্সের মালিক সদানন্দ কুন্ডু চলতি রোপা আমন মৌসুমে কৃত্রিম সার সংকট সৃষ্টি করে তার গুদামে অবৈধভাবে ৮২৭ বস্তা ইউরিয়া, টিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল।
বাজারে সার সংকট দূর করতে সোমবার রাত ৮টার দিকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীর গুদাম থেকে ৮২৭ বস্তা সার জব্দ করা হয়। সেই অবৈধ সার মজুদের অভিযোগে সদানন্দ কুন্ডুকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।









