- ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জন আটক
কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল মোটেল জোনে ক্যাসিনোর সন্ধান পেয়েছে র্যাব-১৫। সেখান থেকে ১৩ লক্ষাধিক টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ৯ টার দিকে কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের গণপূর্তের ভবন ৪ এর আল ফাট্টাহ রিসোর্টের পঞ্চম তলার একটি কক্ষে এ অভিযান পরিচালিত করে র্যাব। এসময় তাদের কাছ জুয়াখেলার বিভিন্ন সরঞ্জামসহ ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, আলমগীর হোসেন মুন্না, নবী সুলতান, কবির আহমদ, শামীম আহমেদ, কামাল উদ্দিন, কাজী রাসেল আহমেদ নোবেল, মোহাম্মদ নুর ও রবিউল হোসেন। তাদের মধ্যে মুন্না ও নোবেল স্বেচ্ছাসেবকলীগ নেতা।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, হোটেল মোটেল জোনের একটি ফ্ল্যাটে ক্যাসিনো বোর্ড দিয়ে জুয়া পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ লাখ ১৮ হাজার ৯৬০ টাকাসহ ৮ জনকে আটক করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এর আগে ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি কক্সবাজার কটেজ জোনের কিং কাজী রাসেল আহমেদ নোবেলকে (৩৩) এক নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ সময় তারা ইয়াবা সেবন করেছিলেন। তার সঙ্গে আসমাউল হুসনা মিম ঢাকার দোহারের জয়পাড়ার মৃত আবদুল মজিদের মেয়েকেও গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক পর্যটন ব্যবসায়ীরা জানান, কাজী রাসেলের অপরাধের রাজ্য বিস্তৃত। কলাতলী সড়কের পূর্বপাশের প্রতিটি গেস্ট হাউজ এবং ফ্ল্যাট থেকে রাসেলের হয়ে চাঁদা তোলে তার বাহিনীরা। এভাবে প্রতিদিন প্রায় চার-পাঁচ লাখ টাকা চাঁদা তুলেন রাসেল। সে হিসাবে মাসে তার চাঁদার টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় কোটি টাকা।









