কুমিল্লায় এক নারী শ্রমিকের ঘুষিতে মাহমুদা আক্তার (৪০) নামে আরেক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা ইপিজেডে বেনটিক্সে কর্মরত মাহমুদা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেতাঙ্গর মধ্যমপাড়া এলাকার মো. খালেকুজ্জামানের মেয়ে। ঘাতক রাহিমা আক্তার (২২) বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মোখলেসুর রহমান বলেন, নিহত মাহমুদা এবং ঘাতক রাহিমা উভয়ই কুমিল্লা ইপিজেডের গার্মেন্টস শ্রমিক ছিলেন। তারা উভয়ই নগরীর উনাইশার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার সকালে। কাজে যাওয়ার আগে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনার এক পর্যায়ে রাহিমার ঘুষির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মাহমুদা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনার পর রাহিমাকে তাৎক্ষণিক আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
মোখলেসুর রহমান বলেন, নিহত মাহমুদার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ঘাতক রাহিমার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
আনন্দবাজার/কআ









