ব্যাংক লুটেরাদের সম্পদ জব্দ করে করোনাভাইরাসে বিপদে পড়া মানুষের কল্যাণে ব্যয় করতে হবে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এসময় তিনি আরও বলেন, যারা ব্যাংকিং খাতে লুটপাট করে যারা সম্পদের পাহাড় গড়েছেন, দেশের এই দুর্যোগে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এতেই প্রমাণ হয়, তাদের কোনো দেশপ্রেম নেই, দেশের মানুষের জন্য কোনো সহানুভূতি নেই।
গতকাল দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। শামসুদ্দিন চৌধুরী বলেন, লুটেরাদের সম্পদ জব্দে আইনে কোনো বাধা নেই। তাছাড়া বিভিন্ন সময়ে ব্যাংকিং খাতের নানা অনিয়ম-অব্যবস্থাপনার খবরে সরকার বিব্রত হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন অনেকেই।
এখনি সময় এ লুটেরাদের খুঁজে বের করার। অবৈধভাবে কামাই করা এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি-গাড়ি করেছে অনেকেই। তবে দেশেও তাদের অনেক সম্পদ রয়েছে। অথচ দেশের এই দুর্যোগকালে তারা লুকিয়ে আছে। দেশের বিপদগ্রস্ত মানুষের জন্য ন্যূনতম ভালোবাসাও তারা দেখান না।এক কথায় আমি বলব, তারা ডাকাত। এসব দেখে আসলেই খুব কষ্ট হয়।
বিচারপতি মানিক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় কিন্তু বিদেশে পাচারকৃত টাকাগুলোও দেশে ফেরত আনা যায়। এ ছাড়া এই লুটেরাদের দেশে যে বিপুল সম্পদ রয়েছে, সেগুলোও জব্দ করে করোনার কারণে বিপদে পড়া মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।
আনন্দবাজার/শহক








