জামালপুরে রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার সময় অটোবাইকের ধাক্কায় প্রাণ হারাল সমৃদ্ধি ধর প্রিয়ন্তী (৬) নামে এক স্কুলছাত্রী। বুধবার (৬ জুলাই) দুপুরে শহরের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রিয়ন্তী বসাকপাড়া এলাকার সৌমিক কান্তি ধরের মেয়ে। সে ডলফিল বে কিন্ডার কেয়ার স্কুলে নার্সারিতে পড়ত।
পরিবার জানায়, অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট আনতে দাদি রমারাণী ধরের সঙ্গে স্কুলে যায় প্রিয়ন্তী। স্কুলের গলি পেরিয়ে সে দাদির হাত ধরে শহরের প্রধান সড়ক পার হচ্ছিল। হঠাৎ সে দাদির হাত ছেড়ে দেয়। এ সময় একটি অটোবাইক তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
জামালপুর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, দুপুর ১২ টার দিকে রেজাল্ট আনতে দাদির সঙ্গে স্কুলে যায় সমৃদ্ধি। রেজাল্ট নিয়ে সে সাড়ে ১২ টার দিকে স্কুলের সামনে শহরের প্রধান সড়ক পার হচ্ছিল। তখন একটি অটোবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত সমৃদ্ধিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানান।









