রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে নাটোরের লালপুরে ইমতিয়াজ আলী (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আব্দুলপুর রেলওয়ে জংশনে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমতিয়াজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ও উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে জানা যায়, দুর্ঘটনার সময় ইমতিয়াজের মা-বাবা ট্রেনের ভেতরে বসেছিলেন। তবে ঘটনার আকস্মিকতায় তারা নির্বাক হয়ে গেছেন।
রেলওয়ে আব্দুলপুর জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন জানান, আজ সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেন ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এ সময় পা ফসকে প্ল্যাটফর্মের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।
আনন্দবাজার/কআ









