আনন্দবাজারে সংবাদ প্রকাশ
নীলফামারীর ডিমলায় অতিরিক্ত দরে সার বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শুটিবারি বাজারের মেসার্স সীমা ট্রেডার্স এর ম্যানেজার আব্দুল বাছেদকে অতিরিক্ত দরে সারবিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারে কৃষকদের কাছে সারের মূল্য বেশি নেওয়ায় খুচরা বিক্রেতা আবু হোসেনকে ১ হাজার, সেকেন্দার আলীকে ৩ হাজার ও আমির আলীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ‘সার মিলছে না ডিমলায়’ শিরোনামে দৈনিক আনন্দবাজারে সংবাদ প্রকাশিত হয়।









