বরিশালের বানারীপাড়ায় লঞ্চ টার্মিনাল নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে ঢাকা-হুলারহাটগামী লঞ্চগুলো সন্ধ্যা নদীর মাঝখানে নোঙর করছে। এতে ছোট ট্রলার দিয়ে ঝুঁকি নিয়ে যাত্রীরা লঞ্চে ওঠা-নামা করছে।
চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। জরুরিভিত্তিতে নৌ-টার্মিনালটি স্থানান্তরের দাবি ভুক্তভোগীদের। এ দাবীর প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহে আলম এমপি বিআইডব্লিউটিএর বরিশালের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন।
নাব্যতা সংকট থেকে উত্তোরণের জন্য গত রবিবার বিকালে বিআইডবিউটি-এর বরিশালের নির্বাহী প্রকৌশলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা বানারীপাড়ায় গিয়ে স্থানীয় সংসদ সদস্য শাহে আলমকে নিয়ে ঘটনাস্থল সন্ধ্যা নদী পরিদর্শন করেন। এ সময় তারা নদীর মাঝখানে নোঙ্গর করা ঢাকাগামী লঞ্চে ঝুঁকি নিয়ে যাত্রীদের ওঠার দৃশ্য অবলোপন করেন।
বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, আগামী বুধবার থেকে দুর্ভোগ লাঘবের জন্য কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, নদীর নাব্যতা সংকট দূরীকরণে ড্রেজিং করা ও টার্মিনাল স্থানান্তর করা হবে। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









