ইউপি নির্বাচন----
লালমনিরহাটের পাটগ্রামে বহুল আলোচিত দহগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী পাঁচ ইউপি সদস্যকে টাকার মালা গলায় পড়িয়ে সংবর্ধনা দিয়ে আনন্দ মিছিল করেছে গ্রামবাসি।
গত সোমবার দুপুরে উপজেলার দহগ্রামের আঙ্গরপোতা থেকে বঙ্গেরবাড়ি এলাকায় বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিলে তাদের কর্মী সমর্থকরা নেচেগেয়ে আনন্দ প্রকাশ করেন। বিজয় মিছিলে নবনির্বাচিত দহগ্রাম ইউপির ১নং ওয়ার্ডের নবাগত সদস্য ফরিদুল ইসলাম, ২নং ওয়ার্ডে ইউপি সদস্য রফিজুল ইসলাম, ৫নং ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউনুস আলী ও ৭নং ওয়ার্ডের গোলাম রব্বানীর প্রায় দুই হাজার কর্মী -সমর্থক অংশ নেয়। নবনির্বাচিত ইউপি সদস্যদের গলায় মালায় ৫০০ থেকে ১০ টাকার নোটও পর্যন্ত দেখা গেছে।
স্থানীয়রা জানায়, দহগ্রাম ইউনিয়ন পরিষদের নবাগত ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীক নিয়ে বিজয় অর্জন করেন। পরিষদের ৯টি ওয়ার্ডে সব সদস্যরাই নবাগত। এই ইউপি নির্বাচনে কোনো ওয়ার্ডের সদস্য পুনরায় নির্বাচিত হয়নি।
নবনির্বাচিত ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, টাকায় ভালোবাসা কেনা যায় না তাই গ্রামবাসি বিজয় মিছিলে আমাকে উপহার হিসেবে টাকা দিয়ে মালা বানিয়ে গলায় দিয়েছেন। আরেক নবনির্বাচিত ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, আমার ওয়ার্ডের সাধারণ ভোটাররা আমাকে ভালোবেসে টাকা উপহার দিয়ে গলায় ঝুলিয়ে দিয়েছে।
আনন্দবাজার/এম.আর









