কোরবানির বর্জ্য ঈদের দিন ১০ জুলাই রাত ১০টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জাইকার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হায়াকাওয়া ইউহোর সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় জন প্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে সব এলাকা থেকে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়ার জন্য।
তাজুল ইসলাম বলেন, ‘কোরবানির ঈদ দেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কোরবানির পশুর হাট, পশু জবাই করার পর বর্জ্য অপসারণ এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে সভা করে আমরা বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।’
যত্রতত্র কোরবানির পশুর হাট না বসানোর অনুরোধ জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট হাটের বাইরে পশুর হাট বসিয়ে কিংবা মহাসড়কে হাট বসিয়ে যাতে মানুষের চলাচলে কেউ বাধা সৃষ্টি না করতে পারে, সেজন্য সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে হাট বাজারে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করে ও নিয়মিত মাস্ক ব্যবহার করে, সেটা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়েছে।’









