নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবের এমন পরিস্থিতিতে বিদেশফেরতদের তালিকা তৈরি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ তালিকা অনুযায়ী বিদেশফেরতদের মধ্যে ৫২ শতাংশেরই অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি ডিএসসিসি। দ্রুততম সময়ের মধ্যে সব বিদেশফেরতকে শনাক্ত করে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা না গেলে ভাইরাসটি বিস্ফোরণের আশঙ্কা সংশ্লিষ্টদের।
ডিএসসিসির তথ্যমতে, ১ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটিতে বিদেশ প্রত্যাগতের সংখ্যা ১ হাজার ২৪০ জন। এর মধ্যে ২৬ মার্চ পর্যন্ত ৫৯২ জনের অবস্থান চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করেছে। বাকি ৬৪৮ জনের বর্তমান অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষের সরবরাহ করা ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি তাদের।
নির্ধারিত ঠিকানায় অবস্থান না করে বিদেশফেরতদের আত্মগোপনে চলে যাওয়ার ঘটনা কেবল দক্ষিণ সিটি করপোরেশন এলাকাতেই নয়, সারা দেশেই রয়েছে। নিজেদের বিদেশ থেকে আসার তথ্য গোপন করে প্রবাসীরা অবস্থান করছেন স্বজনদের সাথে। অংশ নিচ্ছেন নানা ধরনের সামাজিক অনুষ্ঠান গুলোতে। তবে এভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন না মেনে অন্যদের সংস্পর্শে আসায় তারা করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে তুলছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আনন্দবাজার/এফআইবি








