নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ।
ওআইসির এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা বিজ্ঞান এবং সরঞ্জামাদি নিয়ে যে সকল গবেষণা প্রতিষ্ঠান কাজ করে তাদেরকে কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি তৈরি করার কাজে লাগাতে ওআইসি সচিবালয় এবং এর অঙ্গ সংগঠনসমূহকে বাংলাদেশ আহবান জানিয়েছে। অভিবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ওআইসিভুক্ত দেশে যে সকল মুসলিম শ্রমিক কাজ করছে তাদের চাকুরী বজায় থাকার নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা করার জন্য সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ করেন পররাষ্ট্র।
করোনার প্রকোপ না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান করা। এবং তাদের চাকরি রক্ষার ব্যবস্থা করতে মানবাধিকার সংগঠনসমূহকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে আহবান জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের সভাপতিত্বে ওঅাইসির সদস্য ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ওঅাইসি মহাসচিবের অংশগ্রহণে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার- এই ছয়টি রাষ্ট্র নিয়ে ওআইসি’র বর্তমান নির্বাহী কমিটি গঠিত।
আনন্দবাজার/ টি এস পি









