তৃতীয় মেয়াদে আজ রোববার থেকে কক্সবাজারকে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের প্রথম 'রেড জোন' ঘোষিত কক্সবাজার পৌর এলাকায় গতকাল শনিবার ১৪ দিনের লকডাউনের মেয়াদ শেষ হয়েছে। ফলে আবারও লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউনের সার্বিক কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে আগামী ২৮ জুন পর্যন্ত জেলার চকরিয়া উপজেলার রেড জোন এলাকায়ও লকডাউন কার্যকর করা হবে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা বলেন, করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় জেলা প্রশাসন গত ৬ জুন কক্সবাজার পৌর এলাকাকে দেশের প্রথম রেড জোন ঘোষণা করে ১৪ দিনের জন্য দ্বিতীয় মেয়াদে লকডাউন করে। প্রশাসনের ঘোষণা অনুযায়ী শনিবার ছিল লকডাউনের শেষ দিন। করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার পৌর এলাকায় লকডাউনের মেয়াদকাল আরও ১০ দিন বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, লকডাউনের বর্ধিত মেয়াদকালে আগের মতোই দেশের সার্বিক কার্যাবলি ও জনসাধারণের চলাচলের নিষেধাজ্ঞাসহ অন্যান্য শর্ত বলবৎ থাকবে। এ ছাড়া লকডাউন বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের আগের মতো দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
আনন্দবাজার/টি এস পি









