ইউক্রেনে চলমান রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ তাৎক্ষণিক কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, অর্থনীতিতে কী প্রভাব পড়বে, তা জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে সরাসরি বাণিজ্য আমার জানামতে এত ভয়ংকর নয় যে ধসে পড়ে যাবে। বরং কোনোকোনো ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমা ইউরোপীয় ইউনিয়নে যেখানে আমাদের এক্সপোর্ট মার্কেট, কাপড়, মাছ মাংস, খাবারদাবার এগুলো যাবেই। এগুলো আটকানোর কথা না। আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে কিছু ব্যবসা আছে খুব বেশি না। তাদের সঙ্গে আমাদের সবচেয়ে বড় ব্যবসা হলো রুপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র। তারা ঋণ দিয়েছে। এটি করোনাকালীন সময়েও বন্ধ হয়নি এখনো বন্ধ হবে না।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। ডা. মনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম প্রমুখ।









