দেশব্যাপী ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া ৫ দিন ব্যাপী দূর্গোৎসবের দ্বিতীয় দিনে রবিবার মিরসরাইয়ে মহাসমারোহে উদযাপিত হলো শারদীয় দূর্গাপূজার মহাসপ্তমী। সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি। পূজা উপলক্ষ্যে উপজেলার সবক’টি হিন্দু পাড়ায় বইছে আনন্দের বন্যা। এবছর ছোটবড় ৮৯ টি পূজামন্ডপে পূজা উদযাপন হচ্ছে। গতবছর যার সংখ্যা ছিলো ৮৮ টি।
মহাসপ্তমীর পূজা নিয়ে মন্ডপগুলোতে ছিলো সাজসাজ রব। সকাল ৯টা ৫৭ মিনিটে ত্রিনয়নী দেবী দূর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্ত্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরু হয়। এ নিয়মে উৎসব চলবে আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্তÑ এমনটা জানায় সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতনী শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দূর্গাকে পূজা হয়। অর্থাৎ ষোলটি উপাদান দিয়ে মহাসপ্তমীর দিনে দেবী দুর্গাকে পূজা করা হয়। এছাড়া দেবী দূর্গার চুক্ষদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন।
মিরসরাই উপজেলার ৮৯ পূজা মন্ডবের মধ্যে ৪টি মন্ডপে প্রতিমা বিহীন ঘটপূজা অনুষ্ঠিত হবে। উপজেলার দুই থানার অধীনে এ পূজা মন্ডবগুলোতে ২ ভাগে ভাগ করা হয়েছে। দুইটি থানার অধীনে পূজা মন্ডবগুলোর জন্য পৃথক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৪৭টি পূজা মন্ডবের নিরাপত্তার দায়িত্বে থাকবে জোরারগঞ্জ থানা পুলিশ। বাকি ৪২টির নিরাপত্তার দায়িত্বে থাকবে মিরসরাই থানা পুলিশ।
মিরসরাই পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার জানান, এবছর মিরসরাইয়ে নতুন করে ১টি পূজা মন্ডব বেড়েছে। গত বছরটি ৮৮টি পূজা মন্ডবে দূর্গা পূজা উৎযাপিত হলেও চলতি বছর ৮৯টি মন্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে পূজা উৎযাপনে বিভিন্ন পূজা মন্ডবের নেতৃবৃন্দের সাথে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।









