আগামীকাল রবিবার (১০ মে) থেকে সারাদেশে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু করোনার বিস্তার রোধে রাজধানীর বেশকিছু বড় বড় শপিংমল ও মার্কেট ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, আগামীকাল থেকে রাজধানীর গাউছিয়া, চাঁদনী চক, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা, গাজী শপিং কমপ্লেক্সে এবং এলিফ্যান্ট রোডের সব দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। তারা সরকারের নিয়ম প্রতিপালন করেই মার্কেট খোলা রাখবে।
তবে চলমান পরিস্থিতিতে অনেক শপিংমল ও মার্কেট ইতোমধ্যে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে, দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউ মার্কেট, মৌচাক ও আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা। বর্তমান পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিজ নিজ সিদ্ধান্তে খুলবে দেশীয় ফ্যাশন হাউসগুলো। তবে এ ক্ষেত্রে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধির সব শর্ত মেনেই তারা খুলতে যাচ্ছে। জরুরি বৈঠক করে এসব সিদ্ধান্ত নিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ডগুলোর সংগঠন ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)।
অন্যদিকে, একজন ক্রেতাকে নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে কেনাকাটা করতে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
আনন্দবাজার/রনি









