এক চোরাচালান মামলায় শুধু নামের মিল থাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির পরিবর্তে অন্য ব্যক্তিকে জেল খাটানোর ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই ঘটনা ঘটেছে খুলনায়।
রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট আবেদন দাখিল করেন। রিটে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ৩ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, শুধু নামে আংশিক মিল থাকায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির পরিবর্তে নিরীহ এক ব্যক্তিকে চোরাচালান মামলায় জেল খাটতে হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার এক এসআই এ ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, আসামির নাম, পিতার নামের এবং ঠিকানার একাংশের মিল থাকায় মো. সালাম ঢালী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রকৃত আসামির নাম মো. আবদুস সালাম।
আনন্দবাজার/এস.কে









