চলমান জলবায়ু সম্মেলনের অংশ হিসেবে লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওনা হন প্রধানমন্ত্রী।
ফ্রান্স সফরের প্রথম দিনে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠক শেষে প্রেসিডেন্ট প্রাসাদে দুই দেশের মধ্যকার কয়েকটি চুক্তি, দলিল এবং সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজ সেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স-এর সরকারি বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।
ফ্রান্স সফরে সেখানকার ব্যবসায়ীদের অন্যতম সংগঠন মুভমেন্ট অব দ্য এন্টারপ্রাইজ অব ফ্রান্স (এমইডিইএফ) এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। যোগ দিবেন প্যারিস পিস ফোরামের (পিপিএফ) অনুষ্ঠানে।
এছাড়া ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণ এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা।
আনন্দবাজার/এজে









