- তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রিতে
গ্রীষ্মের মাত্র দুদিন পার হয়েছে। নতুন বছরের প্রথমদিনে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। তবে তাপমাত্রা এতটা বাড়েনি প্রথমদিন। শুক্রবার সারাদেশে তাপমাত্রা হঠাৎ করেই বেড়েছে। বলা যায়, প্রকৃতির রুদ্রমূতির দেখা মিলেছে। তবে সবচেয়ে বড় বিষয় গতকাল তাপমাত্রার পারদ চড়ে গেছে অনেক বেশি। রাজশাহীতে তাপমাত্রার পারদ চড়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মৌসুমে যা সারাদেশে সর্বোচ্চ রেকর্ড।
গত কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বইছে। আগেরদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সেই তাপমাত্রা চড়ে গিয়ে ৪১ ডিগ্রি সেলাসিয়াস পার হয়েছে। রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী রহিদুল ইসলাম জানিয়েছেন, আগে থেকেই মৃদু তাপপ্রবাহ বইছিল রাজশাহী অঞ্চলে। গতকাল সেটা বেড়ে গেছে।
আবহাওয়া অফিস সূত্রমতে, গত ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর পর গত দুই দশক ধরে তাপমাত্রা এই রেকর্ড আর ভাঙেনি। তবে ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সাত বছর পর গতকাল আবারো পারদ উঠে গেল ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে।
দেশে ১৯৪৯ সাল থেকে তাপমাত্রার যে রেকর্ড শুরু হয় তার মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যেটা ছিল এখন অবধি দেশের ইতিহাসেও সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার বেলা ৩টায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।









