জরিমানা ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমা দান ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বৃদ্ধি করা হয়েছে।
প্রানঘাতী করোনা ভাইরাসের কথা বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ বাদে জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সাথে ব্যবসায়ীদের জন্য জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মামুনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ডিএনসিসির করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীদের জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহ্বান জানান।
আনন্দবাজার/এস.কে









