আগামী ১৩ অক্টোবর বিভাগ হিসেবে পাঁচ বছর পূর্ণ করবে ময়মনসিংহ। কিন্তু প্রতিষ্ঠার দীর্ঘ ৫ বছর কেটে গেলেও এখনও চালু হয়নি ২২টি বিভাগীয় অফিস। ফলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, এখনও ২২টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পদ সৃজন ও পূরণসহ অফিস চালু না হওয়ার কারণে এ সকল দপ্তরের বিভাগীয় পর্যায়ের কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে সব মানুষ।
তবে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সূত্রমতে, ইতোমধ্যে কিছু আঞ্চলিক অফিসসহ অধিকাংশ বিভাগীয় কর্মকর্তার অফিস চালু হয়েছে। চালু না হওয়া বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানালেও এখনও তা পূরণ হচ্ছে না।
সূত্রটি আরও জানায়, চালু না হওয়া ২২টি বিভাগীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস ও পদগুলো হলো— বীজ প্রত্যয়ন এজেন্সি- অতিরিক্ত পরিচালক, ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ (এমএমপি)-বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রক, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড-সহকারী পরিচালক, খাদ্য অধিদপ্তর- স্থপতি, বিভাগীয় কার্যালয়,স্থাপত্য অধিদপ্তর- উপপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর- সহকারী প্রধান, নগর উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়- উপপ্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর (পিআইডি)- উপপরিচালক।
এছাড়াও পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়- সহকারী পরিচালক, বিভাগীয় কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর- আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, উপপরিচালক, বিভাগীয় কার্যালয় বস্ত্র অধিদপ্তর, আবহাওয়াবিদ, বিভাগীয় কার্যালয়, আবহাওয়াবিদ অধিদপ্তর; আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন; প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, আঞ্চলিক পরিচালক, বিভাগীয় কার্যালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর; উপপরিচালক, বিভাগীয় কার্যালয়, বিআরটিএ; উপপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর; পরিচালক, রপ্তানী উন্নয়ন ব্যুরো বাংলাদেশ; যুগ্ম নিবন্ধক, আমদানি ও রফতানি যুগ্ম নিবন্ধকের কার্যালয়; পরিদর্শক, বিভাগীয় কার্যালয়, বিস্ফোরক অধিদপ্তর; সিস্টেম অ্যানালিস্ট, বিভাগীয় কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন জানান, পাঁচ বছর হলো ময়মনসিংহ বিভাগ হয়েছে। কিন্তু এখনও সব বিভাগীয় দপ্তর স্থাপন করা হয়নি। আমরা বিভাগীয় সকল অফিসের দপ্তর দ্রুত স্থাপনের আবেদন জানাচ্ছি। বিভাগের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে জনগণ সকল ধরনের সুযোগ-সুবিধা পাবে। সেই সাথে জনগণের ভোগান্তিও কমবে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি, সকল বিভাগীয় দপ্তরের অফিস স্থাপনের জন্য ইতোমধ্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোয় যোগাযোগ করা হয়েছে। আশা করছি, পর্যায়ক্রমে খুব দ্রুত অফিসগুলোর দপ্তর স্থাপন করা হবে।
আনন্দবাজার/এইচ এস কে









