পাইকগাছা উপজেলায় আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক ধান চাষীদের পূর্নবাসন কল্পে সোমবার সকালে মামুদকাটী অনির্বাণ লাইব্রেরী প্রাঙ্গণে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন হাইব্রিড ধানবীজ বিতরণ কার্যক্রম উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভার উদ্বোধক ও প্রধান অতিথির বক্ত্যব্যে আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি বলেন, দক্ষিণ জনপদে অবস্থিত সোনার মাটিতে সোনার ফসল বিপণন করে ঘরে তুলতে হবে। এক ইঞ্চি জমি পতিত রাখা যাবেনা। গ্রামীণ জনপদের অর্থনৈতিক চাকা সচ্ছল রাখতে কৃষকদের অগ্রনী ভূমিকা রয়েছে। আম্ফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে পেট্রোকেম বাংলাদেশ লিমিটেড যে উদ্যোগ গ্রহণ করেছে তা আজ প্রশংসিত।
প্রসঙ্গত, কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড ১৯৯০ সাল থেকে কৃষি ক্ষেত্রে ব্যবহৃত উন্নত প্রযুক্তি সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে আসছে। গত ২০ মে ২০২০ করোনা মহামারী চলাকালীন সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান আঘাতে উপকূলীয় ২৬ টি জেলায় প্রায় ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির কৃষি ফসলের ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ৪৭ হাজার হেক্টর জমির বোরো ধান, ৩ হাজার ২৮৪ হেক্টর ভুট্টা, ৩৪ হাজার ১৩৯ হেক্টর পাট, ২ হাজার ৩৩৩ হেক্টর পান, ৪১ হাজার ৯৬৭ হেক্টর সবজি, ১ হাজার ৫৭৫ হেক্টর চীনাবাদাম, ১১ হাজার ৫০২ হেক্টর তিল, ৭ হাজার ৩৮৪ হেক্টর আম, ৪৭৩ হেক্টর লিচু, ৬ হাজার ৬০৪ হেক্টর কলা, ১ হাজার ২৯৭ হেক্টর পেঁপে, ৩ হাজার ৩০৬ হেক্টর মরিচ, ৬৪০ হেক্টর সয়াবিন, ৭ হাজার ৯৭৩ হেক্টর মুগ ডাল এবং ৬ হাজার ৫২৮ হেক্টর আউশ ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়। পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড এদেশের কৃষকদের যেকোনো ধরনের দুর্যোগ বন্যার, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির সময় কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছে। আর এরই ধারাবাহিকতায় খুলনা জেলা পাইকগাছা উপজেলার মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর মাধ্যমে কপিলমুনি, হরিঢালী ও লতা ইউনিয়নের ২৫ শত কৃষকদের মাঝে ৫ হাজার কেজি আমন হাইব্রিড ধানবীজ বিতরণ করেছে।
আনন্দবাজার/এফআইবি









