ফরিদপুরের অন্যতম বাণিজ্যকেন্দ্র হলেও সিএন্ডবি ঘাট দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত
ফরিদপুর সিএন্ডবি ঘাট নৌবন্দরের অচলাবস্থার দূরীকরণের দাবী স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের। আর এ দাবিতে গতকাল বুধবার সকালে ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌবন্দরের সকল স্তরের ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীতে নাব্যতা না থাকার কারণে তাদের জাহাজ চালাতে মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছে। তারা অভিযোগ করেন, ঘাটে দুটি স্থানে ড্রেজিং করা হচ্ছে। মূলত যে স্থানে ড্রেজিং করার কথা সেখানে না করে অন্যত্র ড্রেজিং করার কারণে নদীর নাব্যতা কমে যাচ্ছে। ফলশ্রুতিতে জাহাজ চলাচল করতে পারছে না; একই সঙ্গে জাহাজ চলাচল না করার কারণে জাহাজ মালিক ও শ্রমিকরা মারাত্মক অর্থকষ্টে সময় অতিবাহিত করছেন। তারা অভিযোগ করে বলেন, এ ঘাটটি ফরিদপুরের অন্যতম বাণিজ্যকেন্দ্র হলেও দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সিএন্ডবি ঘাটের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জাহাজ মাস্টার সাদেক মোল্লা, মামুন ফকির, ইউপি সদস্য মনোয়ার ফকির, স্থানীয় বাসিন্দা রহিম জোয়াদ্দার প্রমুখ।
ফরিদপুরের ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু আক্ষেপ করে বলেন, এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। সড়কের অবস্থা এতটাই খারাপ বর্ষাকালে চলাচল অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া এখানে কোনো পাবলিক টয়লেট না থাকার কারণে সাধারণ জনগণের ভোগান্তি চরমে ওঠে। তিনি এখানে কমপক্ষে তিনটি পাবলিক টয়লেটের ব্যবস্থা করার জন্য দাবি জানান এবং এ ব্যাপারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে জাহাজ মালিক ও শ্রমিকরা জানান, ১৫ জানুয়ারি তারিখ থেকে নিযুক্ত ড্রেজিংয়ের কাজের কোনো অগ্রগতি না থাকায় এ সমস্যা কবে নাগাদ মিটবে তাতে তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করছেন বলে সাংবাদিকদের জানান।









