করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে দেয়া জ্যাক মা'র তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। দেশে করোনাভাইরাস এর ছড়িয়ে পড়া ঠেকাতে বাংলাদেশকে এসব মাস্ক অনুদান হিসেবে দিয়েছেন অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
রবিবার (২৯ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় জ্যাক মা'র পাঠানো মাস্ক। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।
বিমানবন্দরেই স্বাস্থ্য অধিদফতরের কাছে এই অনুদান হস্তান্তর করেন চীনা দূতাবাসের কর্মকর্তারা। এর আগে শুক্রবার (২৭ মার্চ) দেশে পৌঁছায় জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট।
এর আগে এক টুইটার পোস্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তা পোশাক, ভেন্টিলেটর এবং থার্মোমিটার করোনা মোকাবিলায় বিভিন্ন দেশে অনুদান হিসেবে দেয়ার কথা লিখেছিলেন তিনি।
বাংলাদেশ ছাড়াও এসব সরঞ্জাম আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে পাঠাবে জ্যাক মা।
আনন্দবাজার/ডব্লিউ এস









