সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির একজন সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১১ মে) রাতে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। বর্তমানে তিনি তার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন।
এদিকে, করোনা শনাক্ত শিক্ষার্থী ও জবি সাংবাদিক সমিতির সদস্য জানান, গত ১মে থেকেই প্রচণ্ড গলা ব্যথা ও জ্বরে ভুগছিলেন তিনি। এরপর ৪মে নিজ জেলার সদর হাসপাতালে করোনা পরীক্ষা করান। সোমবার রাতে করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তার পুরো পরিবার এখন করোনার ঝুঁকিতে আছেন।
জবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, ইতোমধ্যে আমাদের একজন সহকর্মীর করোনা পজিটিভ এসেছে। যা খুবই দুঃখের সংবাদ। এখন তিনি চিকিৎসাধীন আছে। আমরা সাংবাদিক সমিতি সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছি। এছাড়াও যেকোনো প্রয়োজনে আমরা তার পাশে আছি।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীর চিকিৎসার জন্য কোন দরকার হলে সিভিল সার্জনের সাথে কথা বলবো। তাছাড়া করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সরকার বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দিচ্ছে। আমি তার চিকিৎসা সেবার ব্যাপারে যোগাযোগ রাখবো।
আনন্দবাজার/শাহী








