- স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি বিএসএমএমইউ ভিসির
প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরেবাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। যা মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। তবে বাজেটের এই শতাংশের হার ১০ হলে চিকিৎসা সেবার মান আরও বৃদ্ধি করা যাবে বলে মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেছেন, যদি স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধি করা যেতো, বর্তমান বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা যদি আরও বাড়ানো যেতো এবং এটি ১০ শতাংশ বৃদ্ধি করা যেতো তাহলে আমরা আরও বেশি সেবা দিতে পারতাম। গতকাল শনিবার বেলা এগারোটায় বিএসএমএমইউ এর হৃদরোগ বিভাগে ‘হার্ট ফেলিউর ক্লিনিকের’ উদ্বোধন কালে এসব কথা বলেন ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে উপাচার্য বলেন, আমরা মানুষকে নিয়মিত সেবা দিচ্ছি। প্রধানমন্ত্রী আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রায় ৪৫ কোটি টাকা দিয়ে রেখেছেন। যা আমরা প্রতি অতিদরিদ্র রোগীকে ১০ হাজার টাকা করে দিয়ে চিকিৎসা সেবা করছি।
উপাচার্য আরও বলেন, দেশের বিভিন্নপ্রান্তে হৃদরোগের বিভিন্ন ধরণের রোগী ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে এসব হৃদরোগ আক্রান্ত রোগীরা যথাযথ তত্বাবধানে না থাকায় যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে চালু করা ‘হার্ট ফেলিউর ক্লিনিক’ এসব রোগীর একই ছাদের নিচে এনে যথাযথ তত্ত্বাবধান করবে। এতে হৃদরোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার একটি সুনির্দিষ্ট গাইড লাইন তৈরি হবে।
এছাড়া হার্ট ফেলিউর ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. হয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান এবং ইউজিসি অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আনন্দবাজার/শহক









