- সার কালোবাজারিতে ধরা
অবৈধভাবে পাচারকালে বগুড়ার শেরপুরে ১২শ’ বস্তা ডিএপি সারসহ ৬জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীর হাট মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করেছে র্যাব-৫। এসময় পরিবহন কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাক বোঝাই সরকারি আমদানি করা সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারীর মাধ্যমে সংগ্রহ করে মজুদের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রীন ফিল্ড এগ্রো লি. এর পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তিনটি ট্রাক বোঝাই ১২শ বস্তা ডিএপি সার আটক করে। এসময় ৬ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, ট্রাক তিনটির চালক সবুর হোসনে(২৮), রুহুল আমনি(৩০) ও তানবরি হোসন(২৩), হেলপার ইমরান হোসনে(২৩), রাকবি হোসনে(১৯) ও মো. বিশু(২২)। এ মামলায় অপর আসামী তুলা মিয়া(৩৮) পলাতক রয়েছেন। আটকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভাবে সরকারি আমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারীর মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, র্যাব আটককৃত সার, তিনটি ট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
আনন্দবাজার/এম.আর









