মৌলভীবাজারে মেছো বিড়াল হত্যার দায়ে মামুন নামে এক যুবককে ১০ হাজার টাকার অর্থদন্ড দিয়েছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী। মেছো বিড়াল হত্যার এক বছর পর এ জরিমানা করা হয়।
জানা যায়, ২০২০ সালের নভেম্বরে বাড়ির পুকুরে মাছ খাওয়ার সময় সহযোগীদের নিয়ে মেছো বিড়ালটি হত্যার অভিযোগ ওঠে মামুনের বিরুদ্ধে। তিনি মৌলভীবাজারের রাজনগরের কাজীরহাট গ্রামের বাসিন্দা। বন বিভাগের বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন সাজার তথ্য নিশ্চিত করেছেন। মামুন মিয়া আদালতে দোষ স্বীকার করেছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান ও আদালত সূত্রে জানা গেছে, মেছো বিড়াল হত্যা বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কাজীরহাটের মেছো বিড়ালটি হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সে সূত্র ধরে মামুনকে শনাক্ত করা হয়। পরে এ ঘটনায় মামলা করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার মো. আনিসুজ্জামান। ঘটনার তদন্ত ও স্থানীয় লোকজনের সাক্ষ্যগ্রহণ শেষে গত বছরের ৩১ ডিসেম্বর বন আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেয় রাজনগর থানা।
বন বিভাগের বন মামলা পরিচালক জুলহাস উদ্দিন জানান, এর আগে সাপ, বানর হত্যার ঘটনায় আদালতে অভিযুক্ত ব্যক্তিদের সাজা দেওয়া হয়েছে। মেছো বিড়াল হত্যা নিয়ে কোনো মামলায় প্রথমবারের মতো জরিমানা করা হয়েছে। এ বিচার দেশের বন্যপ্রাণী রক্ষায় অবদান রাখবে।
আনন্দবাজার/এম.আর









