বাংলাদেশ থেকে যাওয়া ফ্লাইটে করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় ইতালি। এরপর কুয়েত এয়ারলাইন্সের একটি বিমানে করে ইতালি গেলে ১২৫ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়া হয়।
ফিরে আসা এই বাংলাদেশিদের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, বিমানবন্দরে উপসর্গ ধরা পড়লে আইসোলেশনে পাঠানো হবে ইতালি থেকে ফেরত আসা ১২৫ জন বাংলাদেশিকে।
তিনি বলেন, বিমানবন্দরে নামার পর তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যাদের উপসর্গ থাকবে তাদের আইসোলেশনে রাখা হবে। উপসর্গ থাকলে তাদেরকে আশকোনার হজক্যাম্পে আইসোলেশনে রাখা হবে। বেশি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হবে।
তিনি আরও বলেন, উপসর্গ না থাকলে তারা বাড়িতে থাকতে পারবে। কিন্তু তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করা হবে এবং তাদের সাথে যোগাযোগ রাখা হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
বাংলাদেশিদের বহনকারী বিমানটি শুক্রবার ভোর রাতের দিকে (রাত ২টা ১০ মিনিটে) ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বর্তমানে এই বাংলাদেশিরা কাতারে রয়েছেন বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান। তিনি জানান, ১২৫ জন বাংলাদেশিকে কোয়ারেন্টিনে নেয়ার বিষয়ে তাদের কাছে কোন ধরনের নির্দেশনা এখনো আসেনি। কোন নির্দেশনা আসলে তা মেনে চলা হবে বলে।
আনন্দবাজার/ডব্লিউ এস









