চলমান বন্যা পরিস্থিতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ১ লাখ ৬৬ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা কবলিত থেকে রক্ষা পেতে গবাদিপশুসহ জনসাধারণ উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহ আলম মোল্লা বলেন, চলমান বন্যায় চরাঞ্চলের ৬টিসহ ৯ ইউনিয়নের ৮১টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে ৩৬ হাজার ৮৮৭ পরিবারের ১ লাখ ৬৬ হাজার মানুষ দুর্যোগের শিকার হয়। আমাদের ৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। ইতোমধ্যে লোকজন এখানে আসতে শুরু করেছেন।
ব্রিজ কালভার্টসহ ২৩ কি:মি: রাস্তা, ৩০টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার ২৩৪ কি:মি: এলাকা বন্যার কবলে পড়ে পানিবন্দি হয়েছে। এছাড়াও হাটবাজার, ৩৫৭টি ঘরবাড়ী, ৩ হাজার ২৬৯ হেক্টর ফসলি জমি সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে বলে জানান তিনি।
আরেক কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য ২৫ মে:টন চাউল, নগদ ৪০ হাজার টাকা এবং ৬৯০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
আনন্দবাজার/এম.কে









