বীমা করা না থাকলেও কোন মোটরযান বা তার মালিকের বিরুদ্ধে মামলা না করতে পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশের ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ২০১৯ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। এরপর থেকে বীমা করা বাধ্যতামূলক নেই। কিন্তু বিষয়টি নিয়ে অনেকের স্বচ্ছ ধারণা না থাকায় এখনও এই অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। সে কারণে কোনো মোটরযানের বীমা করা না থাকলেও ওই মোটরযান বা তার মালিকের বিরুদ্ধে মামলা না করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।
চিঠিতে বলা হয়, ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১০৯ ধারা অনুযায়ী যানবাহনের জন্য তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক ছিল। ওই আইনের ১৫৫ ধারায় এ জন্য দণ্ডেরও বিধান ছিল। কিন্তু ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ধারা ৬০ এর ১, ২ ও ৩ উপধারা অনুযায়ী মোটরযানের জন্য বীমা বাধ্যতামূলক নয়।
আইনের বিষয়টি উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এ ধারা অনুযায়ী তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা বাধ্যতামূলক নয় এবং এই আইনের অধীনে তা লংঘন হলেও কোনো দণ্ডের বিধান নেই। তৃতীয় পক্ষের ঝুঁকি বীমা না থাকলে মোটরযান বা মোটরযানের মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোনো মামলা দেওয়ার সুযোগ নেই।
আনন্দবাজার/ডব্লিউ এস









