করোনার কারণে এবার বসছে না পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার। প্রতিবছর রোজা শুরুর আগে থেকে চকবাজারের সড়ক বন্ধ করে চলে ইফতারের দোকান বসানোর নানা আয়োজন। কিন্তু এবারের চিত্র ভিন্ন। বসানো হয়নি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা বা ক্রেতার ভিড়।
পুরান ঢাকায় বিক্রি হয় ‘বড়ো বাপের পোলায় খায়’ নামক একটি ভিন্ন ইফতারসামগ্রী। এছাড়াও রয়েছে বটি কাবাব, সুতা কাবাব, রেশমি কাবাব, জালি কাবাব থেকে শুরু করে ১০ থেকে ১২ ধরনের কাবাব। আস্ত খাসি ভুনা, আস্ত কোয়েল ভুনার পাশাপাশি এখানে পাওয়া যায় নানান ধরনের টিকিয়া। পাওয়া যায় শাহী জিলাপি, মাঠাসহ অন্তত ২০ ধরনের মিষ্টিদ্রব্য। এসময় শতাধিক খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। যা শুধু দেখার জন্যই অনেকেই ভিড় করেন চকবাজারের ইফতার বাজারে।
ঢাকার প্রায় সব এলাকা থেকে দুপুরের পর থেকে ক্রেতাদের ভিড় দেখা যেত চকবাজারে। লোকেলোকারণ্য থাকতো ইফতারের সময় পর্যন্ত। তবে এবার নেই কোনো ক্রেতা-বিক্রেতাদের ভিড়। রোজা শুরুর আগের দিন থেকেই বসে দোকান। মাসব্যাপী চলা এই ইফতার বাজারে মেলে নানান মুখরোচক খাবার।
কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি হাসপাতাল বাদে অন্য সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার
আনন্দবাজার/রনি









