খোলাবাজারে ডলার নিয়ে কারসাজি চলছে। ডলার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সময়ে নানা ভাবে হয়রানি শিকার হচ্ছে গ্রাহকরা। এসব থেকে গ্রাহকদের রক্ষা করতে কঠোর হয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারায় খোলাবাজারে ডলার নিয়ে কারসাজি করায় বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ ও ফয়েজ মানি এক্সচেঞ্জসহ পাঁচটি মানি এক্সচেঞ্জের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ৪২ মানি এক্সচেঞ্জকে শোকজ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, মানি এক্সচেঞ্জের পাশাপাশি ব্যাংকগুলোতে পরিদর্শন চলছে। লেনদেনের বিভিন্ন তথ্য ব্যাংকগুলোর কাছ থেকে সংগ্রহ করছি। বিষয়গুলো তদারকি করা হচ্ছে। তাদের কোনো অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। এখন পর্যন্ত রাজধানীর বিসমিল্লাহ মানি এক্সচেঞ্জ, অঙ্কন মানি এক্সচেঞ্জ এবং ফয়েজ মানি এক্সচেঞ্জসহ পাঁচটির লাইসেন্স স্থগিত করা হয়েছে।
ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরার আভাস দিয়ে সিরাজুল ইসলাম বলেন, ডলার সংকটের কারণে আমরা আমদানিতে বেশ কিছু শর্ত দিয়েছি। এখন ৩ মিলিয়নের বেশি আমদানি এলসি খোলার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে বলা হয়েছে। আগে যেটা ছিল ৫ মিলিয়ন। এতে দেখা যাচ্ছে অনেক এলসিতে অপ্রয়োজনীয় ও বিভিন্ন সমস্যা রয়েছে। আমরা এগুলোর অনুমতি দেইনি। ফলে গত জুনের তুলনায় জুলাই মাসে আমাদের আমদানি এলসি অনেক কমেছে। এছাড়া রেমিটেন্স ও রপ্তানি বেড়েছে। এসব দিক বিবেচনা করলে আমরা বলতে পারি বাজার স্থিতিশীল হয়ে আসবে।
সিরাজুল ইসলাম বলেন, বর্তমান গভর্নর দায়িত্ব নেওয়ার পর যেসব সিদ্ধান্ত নিয়েছে এগুলো বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে, আশা করছি এটা অর্থনীতিতে সুফল বয়ে আনবে।
সবশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে ৯৪ টাকা ৭০ পয়সা দরে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আজ (মঙ্গলবার) সরকারি আমদানি বিল মেটাতে এই দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। নিয়ম অনুযায়ী এটাই ডলারের আনুষ্ঠানিক দর। গত মে মাসের শুরুর দিকে এ দর ছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। এ হিসাবে তিন মাসের ব্যবধানে টাকার মান কমেছে ৮ টাকা ২৫ পয়সা। তবে খোলাবাজারে এক ডলার বিক্রি হচ্ছে ১০৯ টাকা থেকে ১১০ টাকায়।
সাম্প্রতিক সময়ে ডলারের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে তদন্ত করে। তারা প্রতিষ্ঠানগুলোর ডলার বিক্রি ও কেনার তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করে এসব প্রতিষ্ঠানে বড় ধরনের অনিয়ম পেয়েছে। এ কারণে তাদের সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে। বেআইনী কর্মকাণ্ডের জন্য কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ব্যাংকগুলোতে এখন আমদানির জন্য ১০০ টাকার নিচে ডলার পাওয়া যাচ্ছে না। কোনো ক্ষেত্রে ১০৭ থেকে ১০৯ টাকায় ডলার কিনে আমদানি দায় মেটাতে হচ্ছে। রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোকে সর্বোচ্চ ১০৮ টাকা দরে ডলার কিনতে হচ্ছে। মঙ্গলবার খোলাবাজারে ১০৯ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে। খোলাবাজারে প্রথমবারের মতো ১০০ টাকার ঘর পেরিয়ে যায় গত ১৭ মে। এরপর আবার কমে আসে। পরে গত ১৭ জুলাই ফের ১০০ টাকা অতিক্রম করে। গত সপ্তাহে নগদ ডলার ১১২ টাকায় উঠেছিল।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত মানি এক্সচেঞ্জের সংখ্যা ২৩৫টি। এর মধ্যে ২০২টি প্রতিষ্ঠান ঢাকার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনের সদস্য। এর আগে ডলারের বাজার স্বাভাবিক করতে গত বুধবার মাঠে নামে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক, মানি এক্সচেঞ্জ হাউস ও খোলাবাজার পরিদর্শন শুরু করে বাংলাদেশ ব্যাংকের ১০টি পরিদর্শক দল। কারণ গত মঙ্গলবার কার্ব মার্কেট বা খোলাবাজারে ডলারের দর সব রেকর্ড ছাড়িয়ে ১১২ টাকায় বেচাকেনা হয়। এর পরিপ্রেক্ষিতে এ অভিযান শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের অভিযান চলার মধ্যেও খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে ১০৭ থেকে ১০৮ টাকার মধ্যে।









