সরকারের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে নোয়াখালীতে হরিজন (পরিচ্ছন্নতা কর্মী) ও ছিন্নমূল ৭৮ পরিবারকে পুনর্বাসন করতে যাচ্ছে নোয়াখালী পৌরসভা।
সোমবার দুপুরে নোয়াখালী পৌরসভায় পরিছন্নতাকর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন নির্মাণ শীর্ষক এক অবহিতকরণ সভা ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি অংশগ্রহণ করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. মাসুম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
এ সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। পৌর মেয়র জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে এফসিডিও এবং ইউএনডিপি যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের অধীন প্রথম ধাপে পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার প্রান্তিক ছিন্নমূল ৭৮টি পরিবারকে পুনর্বাসন করা হবে।
পৌরসভার নিজস্ব ৬২ শতাংশ জমিতে ৩ তলাবিশিষ্ট ৬টি ভবন করা হবে। প্রত্যেক ভবনে ১৩টি পরিবার থাকবে। সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ উন্নত জীবন যাপনের সকল সুযোগ-সুবিধা থাকবে। উন্নত ও টেকসই এ প্রকল্পের মধ্যদিয়ে প্রান্তিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে নিরাপদ বাসস্থান পাবে বলেও জানান মেয়র।









