কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করেছেন বন বিভাগ। উদ্ধারকৃত শকুনটি অসুস্থ থাকায় অবমুক্ত না করে সোমবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বন বিভাগে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন।
সোমবার উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা এলাকার আমতলা বাজার সংলগ্ন মাঠ থেকে ধান শুকানো জালে আটকে পড়ে শকুনটি। পরে সেখান থেকে শকুনটি আহম্মদ আলী নামে এক ব্যক্তি উদ্ধার করে কুটিচন্দ্রখানা এলাকার নিজ বাড়িতে নিয়ে গেলে মুর্হুতের মধ্যে এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। বিলুপ্ত প্রায় শকুনটিকে একনজর দেখার জন্য শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে প্রেরণ করে।
স্থানীয় আব্দুল আজিজ মজনু বলেন, ১৫ থেকে ২০ বছর আগে এলাকায় শকুন দেখা যেত। এখন আর আগের মতো দেখা যায় না। আজ অনেক বছর পর শকুনটি দেখলাম। বলতে গেলে প্রায় বিলুপ্ত এ শকুন। আহম্মদ আলীর ছেলে শিক্ষার্থী জাহেরুল ইসলাম বলেন, আমার বয়স প্রায় ২৪ বছর। জীবনে কখনো শকুন দেখিনি। আমার বাবার কারণে এই প্রথম শকুন দেখলাম।
ফুলবাড়ী উপজেলা বন কর্মকর্তা নবীর উদ্দিন জানান, সংবাদ পেয়ে শকুনটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ভারত থেকে শকুনটি এসেছে বলে ধারনা করা হচ্ছে। তবে বিলুপ্ত প্রায় প্রজাতির শকুন এটি।
আনন্দবাজার/এম.আর









