তেলের দাম বৃদ্ধির রাতের ঘোষণার পরই রাজশাহীতে এ প্রভাব পড়ছে। সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে শনিবার সকালে অর্ধেকেরও কম যানবাহন চলাচল করছে সড়কে। তবে সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস ছেড়ে গেছে।
শুক্রবার মধ্যরাতের পর থেকে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবনে নেমে এসেছে নানান দুর্ভোগ। রাজশাহীর পরিবহন খাতেও সঙ্কট দেখা দিয়েছে। ভাড়া বাড়ানোর দাবিতে সড়কে বাস চলাচল কমেছে।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার হুমায়ন কবীর বলেন, তেলের দাম বাড়ানোর এমন সিদ্ধান্ত বেশ অবাক হয়েছি। আমাদের মতো নিম্নমধ্যবিত্ত মানুষদের জীবন চালানোই দায় হয়ে পড়েছে। রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকার দোকানদার সেলিম জানান, ভাই কি যে বুলি, কিছু বুলতে পারছি না। মানুষের মাথায় লষ্ট হয়ে গ্যালছে মামু।
বাস মালিক ও মোটর শ্রমিকদের মধ্যে বাসের ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। স্পষ্টভাবে কেউ কিছু না ঘোষণা দিলেও অঘোষিতভাবে বাস চলাচল কমিয়ে দিয়েছে। আজ রোববারই (৭ আগস্ট) জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানোর আবেদন করবেন পরিবহন মালিকরা বলে জানা গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব জানিয়েছেন, রাজশাহীতে পরিবহন চলছে। তবে ভাড়া বাড়ানোর দাবি আছে। সরকার পক্ষে বৈঠক বসতে পারে ঢাকায়। সে অপেক্ষায় রয়েছেন তারা। পরিস্থিতি বুঝে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। যে পরিমাণে বাড়িয়েছে তাতে পরিবহন খাতে অস্থিরতা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। কেন, কী কারণে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সেটার ব্যাখ্যা সরকারই দেবে। তবে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে ভাড়ার সমন্বয় না হলে পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে জ্বালানি তেলের দাম বাড়াতে কৃষিতেও প্রভাব পড়বে। এ নিয়ে কপালে চিন্তার রেখা পড় হচ্ছে কৃষকদের। আমন মৌসুম বৃষ্টি নির্ভর। কিন্তু এ মৌসুমে বৃষ্টির দেখা নেই। সে কারণে কৃষিতে প্রভাব পড়বে এটা নিশ্চিত। একদিকে সারের দাম বেড়েছে অন্যদিকে তেলের দাম বাড়াতে কৃষকরা চোখে অন্ধকার দেখছে।
রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা এলাকার কৃষক শামসুজ জোহা জানান, সারের দাম বেড়েছে। এনিয়ে হতাশার মধ্যে আছে কৃষক। তার মধ্যে তেলের দাম বাড়ায় কৃষকদের মাথায় লাঠির বাড়ি পড়েছে।









