বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুরে ১০০০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর পশ্চিম-দক্ষিণ ধেররা এবং হাজীগঞ্জ মাছের আড়ৎ এলাকা থেকে এ মাছগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, চাঁদপুর স্টেশন কমান্ডার লে. রুহান মনজুরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪৮ টি ককসিটে প্রায় এক হাজার কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় অবৈধ চিংড়ি ব্যবসায়ীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নি। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলিযুক্ত চিংড়ি মাটির নিচে পুঁতে বিনষ্ট করা হয়।
চাঁদপুর স্টেশন কমান্ডার লে. রুহান মনজুর জানায়, অবৈধ ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।









