সাজেকে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনায় আটকা পড়েছিলেন হাজারও পর্যটক। প্রায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সেনাবাহিনীর সহায়তায় আবারও যান চলাচল স্বাভাবিক হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৃষ্টিপাতের কারণে বুধবার (০৫ অক্টোবর) সকালে হঠাৎ করে সাজেকের নন্দ রামপাড়ায় রাস্তার ওপর একটি পাহাড় ধসে পড়ে। এতে পর্যটকবাহী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
যান চলাচল স্বাভাবিক করতে বুধবার সকাল থেকে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ ঘটনায় পূজার ছুটিতে সাজেকে যাওয়া এবং সাজেক থেকে ফেরার সময় পর্যটকরা আটকা পড়েছিলেন।
মঙ্গলবার রাতে বাঘাইছড়িতে ভারী বৃষ্টিপাত হয়েছিল। যে কারণে সাজেকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি, মাটি সরাতে সেনাবাহিনীর সাথে স্থানীয়রাও কাজ করেছে যার ফলে কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে বলে জানান বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার।
আনন্দবাজার/কআ









